
কক্সবাজারের রামুতে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আরাফাত ভূঁইয়া (২৪) নামে উখিয়ার এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোঁয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আরাফাত ভূঁইয়া উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার বাসিন্দা। আহত দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী জানান, স্বজনদের কাছ থেকে জানা গেছে, শনিবার বিকালে কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা খেলোয়াড় সমিতি আয়োজিত গোল্ডকাপ টুর্নামেন্টের উখিয়া ও মাতামুহুরী উপজেলা দলের ফুটবল ম্যাচ দেখতে কয়েকজন বন্ধুর সঙ্গে কক্সবাজারে এসেছিলেন আরাফাত ভূঁইয়া।
খেলা শেষে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথে ধোঁয়াপালং এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আরাফাত ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।